আলিয়ঁস ফ্রঁসেজে ‘রূপময় বাংলা’ শীর্ষক প্রদর্শনী

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে শিল্পী সুমন কুমার সরকারের চতুর্থ একক চিত্র প্রদর্শনী ‘রূপময় বাংলা’। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী সুমন কুমার সরকার। প্রদর্শনীতে ৩২ চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ৪ মে পর্যন্ত।

অনিন্দ্য অমাতের কাব্যগ্রন্থের আবৃত্তিসন্ধ্যা

আবৃত্তি সংগঠন হরবোলা আয়োজনে গতকাল বিকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রতিশ্রুতিশীল কবি অনিন্দ্য অমাতের ‘চেতনা যখন খাবার টেবিলে’  কাব্যগ্রন্থের পাঠোন্মোচন এবং আবৃত্তিসন্ধ্যার আয়োজন করা হয়। কাব্যগ্রন্থের পাঠোন্মোচনের সঙ্গে কবিতার শিল্পিত উচ্চারণে কবিতাপ্রেমীদের জন্য অনুষ্ঠানটি হয় অনন্য। আবৃত্তি পরিবেশন করেন মজুমদার বিপ্লব, আহসান উল্লাহ তমাল, নায়লা তারান্নুম কাকলী, সালমা শবনব ও সৈয়দ ফয়সল আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ঢাকা বিভাগীয় কমিশনারের অতিরিক্ত সচিব মো. সেলিম রেজা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্।

সুতায় সুতায় হ্যানা ও শাপলা

ঢাকার মঞ্চে যুক্ত হলো আরেকটি নতুন নাটক। থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে এনেছে নাটক ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’। গতকাল সন্ধ্যায় রাজধানীর নাটক সরণির (বেইলী রোড) মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। আনিকা মাহিনের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আবীর সায়েম, সহযোগী রানা সিকদার, সংগীত পরিকল্পনা: সেলিম মাহবুব, কোরিওগ্রাফি: সঙ্গীতা চৌধুরী ও মেহমুদ সিদ্দকী, আলোক পরিকল্পনা: নাসিরুল হক।

অভিনয় করছেন— সুজন রেজাউল, সঙ্গীতা চৌধুরী, মিতালী দাস, মেহমুদ সিদ্দিকী, নূরুজ্জামান বাবু, এস আর সম্পদ, সজল চৌধুরী, আবীর সায়েম, অপ্সরা মৌ। নাটকটির মূল গায়েন সেলিম মাহবুব, গায়েন দলে রয়েছেন চন্দন রেজা, কামরুজ্জামান মিল্লাত, আনিকা মাহিন একা, মাহফুজ সুমন। কিবোর্ড: বিল্পব সরকার, পার্কাশন: বাবু ইসলাম, গিটার:সুজন রেজাউল ও বিপ্লব সরকার।