ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের আইনি সহায়তায় বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে —প্রধান বিচারপতি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে যে আইনি সহায়তা দিচ্ছে তা পর্যাপ্ত নয়। এজন্য সুবিধাবঞ্চিত মানুষকে আইনি সেবা দিতে বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দুই দিনব্যাপী ২৪তম আন্তর্জাতিক লায়ন্স জেলা বার্ষিক সম্মেলনে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের আদালতসমূহে মামলা জট রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি এই মামলা জটের অন্যতম কারণ। পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তা না পাওয়ায় গরীব বিশেষ করে ঝুঁকিপূর্ণ নারী ও শিশুরা আইনি সহায়তা প্রাপ্তি থেকে বঞ্চিত। এসব অসচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীকে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো বিনামূল্যে আইনি সহায়তা দিতে ভূমিকা রাখতে পারে।

লায়ন্স জেলা গভর্নর হাবীবা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, স্বদেশ রঞ্জন সাহা, মো. আমিনুল ইসলাম লিটন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও লায়ন কামরুন্নেসা খান কুমু।