‘মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৪৭

জবি সংবাদদাতা

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে ‘মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে ফোরামের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ২৬ মার্চ বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেও রাষ্ট্রগঠনের আবশ্যিক উপাদান একটি আনুষ্ঠানিক সরকারের প্রয়োজনীয়তা আইন ও বাস্তবতার নিরিখে ব্যাপকভাবে অনুভূত হতে থাকে, মুজিবনগর সরকার তারই প্রতিফলন। ১০ এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে সরকার গঠন করা হলে স্বাধীনতাকামী মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বিশেষ অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ)-এর উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ বলেন, মুজিবনগর সরকারকালীন সময়ে ‘বাংলাদেশ’ নামক একটি পত্রিকা বের হয়। পত্রিকাটি তাদের ছাব্বিশটি সংখ্যা প্রকাশ করেছিল। স্বাধীনতা-পরবর্তীকালীন এসকল দলিল পর্যালোচনা ও গবেষণা করার মাধ্যমে আমাদের ইতিহাস সম্পর্কে আমরা আরো বেশি জ্ঞান লাভ করতে সক্ষম হবো।

বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া)-এর উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, বাংলাদেশ স্বাধীনের প্রথমদিকে দেশ পরিচালনার জন্য একটি সরকার অবশ্যক ছিল। আর এভাবেই মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের কার্যক্রম শুরু হয়। এছাড়াও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আইন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সদস্য-সচিব সৌরভ জাহাঙ্গীর। এছাড়াও বিশিষ্ট লেখক বাকি চৌধুরী নবাব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ কলামিস্টরা বক্তব্য রাখেন।