আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আইসিসি ওডিআই সুপার লিগের অধীনে সিরিজটা জিতলে র্যাংকিংয়েও উন্নতির সুযোগ আছে টাইগারদের সামনে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফিকেশন ওডিআই সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে ৮টি জয়ে ৮০ পয়েন্ট বাংলাদেশের। তিন ম্যাচে ১০ পয়েন্ট করে পাওয়া সম্ভব, যা বিশ্বকাপে খেলার পথ সুগম করবে।
আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে ওয়ানডেতে আইসিসি র্যাংকিংয়ের ৬ নম্বরে উঠে যাবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ৭ নম্বরে থাকা টাইগারদের রেটিং পয়েন্ট ৯১। ৬ নম্বরে থাকা পাকিস্তানের আছে ৯৩ পয়েন্ট। আফগানরা ৬৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।
সিরিজের সব ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৪, অবস্থান হবে ৬ নম্বরে। পাকিস্তান ৯৩ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকবে। হোয়াইটওয়াশ হলে আফগানরা ৩ পয়েন্ট হারাবে। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশ সাত নম্বরেই থেকে যাবে, রেটিং পয়েন্ট হবে ৯১। আফগানদের ১ পয়েন্ট বাড়বে। তামিম বাহিনী যদি দুর্ভাগ্যক্রমে সিরিজটা হেরে যায় ২-১ ব্যবধানে, তাহলে ৩ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের ঝুলিতে থাকবে ৮৮ পয়েন্ট। তবে র্যাংকিংয়ের অবস্থান পরিবর্তন হবে না। তখন আফগানরা অর্জন করবে ৫ পয়েন্ট। সিরিজ জিতলেও তাদের র্যাংকিং পরিবর্তন হবে না। কারণ ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের ব্যবধান অনেক, উইন্ডিজদের পয়েন্ট ৭৭।
