ঘুষ কেলেঙ্কারি: বরখাস্ত ডিআইজি মিজান-বাছিরের রায় আজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৮

ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদকের বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) রায় ঘোষণার তারিখ ধার্য রয়েছে। তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল জানিয়েছিলেন, আজ সকাল সাড়ে ১০টার পরে এ মামলার রায় ঘোষণা করা হবে।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আজ রায়ের দিন ধার্য করেন। গত ২৪ জানুয়ারি যুক্তি উপস্থাপন শুনানি শেষে মিজান ও বাছিরের সর্বোচ্চ শাস্তি দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ২০২০ সালের ১৮ মার্চ দুদকের করা মামলায় বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই বছরের ৪ মার্চ দুদকের পক্ষে অভিযোগ গঠন শুনানি শেষ হয়। ওই বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন।

২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন শেখ মো. ফানাফিল্যা। ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর ডিআইজি মিজানুর রহমান ও খন্দকার এনামুল বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করে সরকার।

ইত্তেফাক/কেকে