খুলনায় আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৯

খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগরের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মনিরুজ্জামান সাগরের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

এদিকে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সাগরের মৃত্যুর কারণ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, মনিরুজ্জামান সাগর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন, আবার কেউ বলছেন, তিনি মারধরে আহত হয়েছিলেন। সাগর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। সেখানকার স্থানীয়রাও বলছেন, তার রহস্যজনক মৃত্যুর কথা।

সাগরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার রাতে এক আওয়ামী লীগ নেতার আমন্ত্রণে যোগদান করে সেখান থেকে বের হয়েছিলেন মনিরুজ্জামান সাগর। এরপর কোথায় গিয়েছিলেন বা যাচ্ছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য কেউ জানে না। এক পর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তখন তিনি কথা বলতে পারছিলেন না। অচেতন ছিলেন। ফলে আহত হওয়া সম্পর্কে স্বজনদের কিছুই জানাতে পারেননি তিনি। আহত অবস্থায় শনিবার রাতে তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে রবিবার তাকে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

মনিরুজ্জামান সাগরের ছোট ভাই রিক্কন বলেন, ঘটনার রাতে হঠাৎ ভাইকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। বলা হচ্ছে, রিকশা থেকে পড়ে আহত হওয়ার কথা। রিকশা থেকে পড়ে কারও কি চোখ বের হওয়ার উপক্রম হয়? শরীরে এমন আঘাতের ধরন থাকে?

মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ জানান, মনিরুজ্জামান সাগর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছিলেন। কিন্তু কোনো এলাকায় দুর্ঘটনা হয়েছে, তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না।

মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু বলেন, সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পর তিনি শোনেন সাগরের পায়ের হাড় ভেঙে তিন খণ্ড হয়ে গেছে। এছাড়া পাঁজরের হাড় ও কলার বোন ভেঙে গেছে। কিন্তু কোনো স্থানে সড়ক দুর্ঘটনা হয়েছে, তা তার জানা নেই। 
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, আমরা মনিরুজ্জামান সাগরের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করছি না। এটি একটি অস্বাভাবিক মৃত্যু। তার মৃত্যু রহস্য আমরা উদঘাটন করতে পারিনি। তবে হাসপাতাল থেকে আমরা যে তথ্য পেয়েছি, এবং যেভাবে সে আহত হয়েছে তাতে কোনোভাবেই এটিকে স্বাভাবিক মৃত্যু বলা যায় না। সাগরের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি।

নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, আমরা শুনেছি মনিরুজ্জামান সাগর একটি ইঞ্জিন রিকশা থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন। কিন্তু কবে, কখন, কোন স্থানে এবং কীভাবে রিকশা থেকে পড়ে গিয়েছিলেন, তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। এছাড়া তার পরিবারের সদস্যরা কেউ কোনো অভিযোগ করেনি।

 

ইত্তেফাক/জেডএইচডি