বিশ্বকাপের পর অবসরে গৌল্ড

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

অভিজ্ঞ ইংলিশ আম্পায়ার ইয়ান গৌল্ড জানিয়েছেন, ঘরের মাঠে বিশ্বকাপে দায়িত্ব পালন শেষেই অবসরে যাবেন তিনি। গতকাল আইসিসি যে ১৬ সদস্যের আম্পায়ারের প্যানেল বিশ্বকাপের জন্য ঘোষণা করেছে, তাতে নাম আছে গৌল্ডের। সেইসাথে বিশ্বকাপের জন্য ৬ জন ম্যাচ রেফারির নামও ঘোষণা করা হয়েছে।

৬১ বছর বয়সী গৌল্ড ২০০৬ সালে আম্পায়ারিং শুরু করেন। খেলোয়াড়ী জীবনে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৯৮৩ সালে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছিলো তার। ওই বছরই জাতীয় দলের হয়ে ১৮টি ম্যাচ খেলার পর আর কখনো ডাক পাননি আন্তর্জাতিক ক্রিকেটে। এর বাইরে ২৯৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন গৌল্ড। এবার বিশ্বকাপের আগে তিনি দাঁড়িয়ে আছেন তিন ফরম্যাট মিলিয়ে ২৫০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দ্বারপ্রান্তে।

আইসিসির ক্রিকেট জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডাইস ক্রিকেটে আম্পায়ার হিসেবে গৌল্ডের অবদানের কথা বলতে গিয়ে বলেছেন, ‘ইয়ান লম্বা সময় ধরে খেলাটিতে অসাধারণ অবদান রেখেছেন। বিশেষ করে গত এক দশকে আইসিসির আম্পায়ার হিসেবে তার ভূমিকা অসাধারণ।’

অ্যালার্ডাইস আরো প্রশংসা করে বলেছেন, ‘তিনি সবসময়ই খেলার স্বার্থকে সবার ওপরে রেখেছেন। আর এটা করার ফলে তিনি সারাবিশ্বে নিজের সহকর্মীদের কাছে ওসব দেশের খেলোয়াড়দের কাছে অনেক শ্রদ্ধার একজন মানুষে পরিণত হয়েছেন। মাঠে তার উপস্থিতি আমরা অবশ্যই মিস করবো। তবে আমি নিশ্চিত যে, খেলাটির সাথে তার সম্পৃক্ততা বজায় থাকবে।’

এটা গৌল্ডের চতুর্থ বিশ্বকাপ হতে যাচ্ছে। সেইসাথে ম্যাচ রেফারি জেফ ক্রোরও এটা চতুর্থ বিশ্বকাপ। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। আর আম্পায়ার আলিম দার নিজের পঞ্চম বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।

২০১৯ বিশ্বকাপের কর্মকর্তারা

আম্পায়ার: আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমুস, ক্রিস গাফানি, ইয়ান গৌল্ড, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যাটলবোরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দরম রবি, পল রেইফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গফ, রুচিরা পালিয়াগুরুগে, পল উইলসন।

ম্যাচ রেফারি: ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন।