রাণীনগরে সূর্যমুখী ফুলের ভালো ফলনের সম্ভাবনা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:০০

সূর্যমুখী ফুলের হাসিতে ফুটে উঠেছে রাণীনগরের মাঠগুলো। প্রথম বারের মতো উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার ও বীজ প্রণোদনার মাধ্যমে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় কৃষকরা সূর্যমুখী ফুলের ভালো ফলনের আশা করছেন। বর্তমানে সূর্যমুখীর অধিকাংশ গাছেই ফুল ফুটেছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যরাজাপুরসহ বিভিন্ন স্থানে ২০০ শতাংশ জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় এই সূর্যমুখী ফুলের চাষ করেছেন কৃষকরা। 

মধ্যরাজাপুর গ্রামের নুরুল হক নয়ন বলেন, গত বছর অন্যের কাছ থেকে সূর্যমুখী ফুলে বীজ নিয়ে অল্প পরিমাণ জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। তাই চলতি মৌসুমে কৃষি অফিসের সহযোগিতায় ১০০ শতাংশ জমি লিজ নিয়ে সূর্যমুখী ফুলের চাষ করেছি। এটি খুবই লাভজনক একটি ফসল। 

একই গ্রামের আরেক কৃষক মাসুদ রানা বলেন, নয়নের দেখাদেখি চলতি মৌসুমে আমিও কিছু জমিতে এই আবাদ করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, বেশি লাভজনক ফসল সূর্যমুখী। আগামীতে উপজেলায় সূর্যমুখী ফুলের চাষ আরো সম্প্রসারিত হবে বলে আমি আশাবাদী। প্রথম বার কৃষকরা সূর্যমুখী চাষ করে লাভবান হবেন। যার ফলে আমরা কৃষকদের লাভজনক ফসল সূর্যমুখী, ভুট্টা আবাদ করার জন্য পরামর্শ দিচ্ছি।

ইত্তেফাক/এমএএম