বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে যুক্ত হলো আরো চারটি সেবা প্রদানকারী সংস্থা। এগুলো হলো প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, বিস্ফোরক পরিদপ্তর, মেঘনা ব্যাংক লিমিটেড এবং ওয়ান ব্যাংক লিমিটেড।
গতকাল বুধবার বিডার প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিডার ওয়ান স্টপ সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিডার উপপরিচালক সৈয়দা সাদিয়া নূরীয়ার সঞ্চালনায় বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।
তিনি বলেন, ওএসএস মাধ্যমে বিনিয়োগে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রযুক্তির ব্যবহার করে অতিকম সময়ে কম খরচে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অন্তর্জাতিক মানের বিনিয়োগসেবা পেতে পারেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহসিনা ইয়াসমিন বলেন উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডিজিটাল সেবার মাধ্যমের আমাদের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।
শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে, প্রযুক্তিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ওএসএসের মাধ্যমে একই প্ল্যাটফরম থেকে বিনিয়োগকারীকে আমাদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে আর সেই লক্ষ্যেই কাজ করছে বিডা।

