এখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সহজে, নিরাপদে ও দ্রুততম সময়ে অনলাইনে ব্যাংক হিসাব খুলতে পারবেন। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ সেবার উদ্বোধন করে। ব্যাংক হিসাব খোলার জন্য রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংকের অনলাইনের সহযোগিতা নেওয়া যাবে।
২০১৮ সালের নভেম্বরে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালুর অংশ হিসেবে বিডা সোনালী ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি করে। রাজধানী ঢাকায় শেরেবাংলা নগরে বিডার কনফারেন্স রুমে গতকাল আয়োজিত অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব মোহসিনা ইয়াসমিন সভাপতিত্ব করেন।
সভায় অনলাইনে ব্যাংক হিসাব খোলা বিষয়ে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। তিনি বলেন, বিডার ওএসএস পোর্টাল সিস্টেমের আওতায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ঘরে বসে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সোনালী ব্যাংক লিমিটেডে হিসাব খুলতে পারবেন এবং বিনিয়োগের উদ্দেশ্যে বিদেশ থেকে স্বাচ্ছন্দ্যে দেশে অর্থ প্রেরণ করতে পারবেন। এতদিন বিনিয়োগকারীরা শুধু ব্যাংকিং সময়ের মধ্যে হিসাব খুলতে পারতেন। সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স প্রদান সেবারও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল হামিদ মিয়া বলেন, বিডা ওএসএস পোর্টালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স প্রদান সেবাটি যুক্ত হওয়ায়, বিনিয়োগকারীরা অতি সহজে বিডা ওএসএস মাধ্যমে সরকার নির্ধারিত ফি প্রদান করে (সরকার নির্ধারিত আবাসিক এলাকা বাদে) ট্রেড লাইসেন্স নিতে পারবেন, এর জন্য বিনিয়োগকারীদের ঢাকা উত্তর সিটি করপোরেশনে যাওয়ার দরকার পড়বে না।

