ইউক্রেন ইস্যুর মধ্যেই তেলের দাম বৃদ্ধি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২০

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করলেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন। এসবের মধ্যেই বৃদ্ধি পেয়েছে তেলের দাম।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ৭ বছরের মধ্যে এই প্রথম ব্যারল প্রতি ১০০ ডলার হলো তেলের দাম। এছাড়া, এশিয়ার শেয়ার বাজারেও ২ থেকে ৩ শতাংশ নেমেছে সূচক। 

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কার মধ্যেই কিয়েভে বিস্ফোরণের খবর সামনে এলো। 

বিবিসি’র সংবাদদাতা পল অ্যাডামস বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন গণমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

বিবিসির সংবাদদাতারা এর আগে নিশ্চিত করেছিলেন যে, তারা রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেতস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এলাকায়ও বিকট শব্দ শুনেছেন।

ইত্তেফাক/টিআর