টিটো ভিলানোভাকে স্মরণ বার্সার
স্পোর্টস ডেস্ক
লেভান্তের বিপক্ষে আজ শনিবার জিতলেই শিরোপা ধরে রাখবে বার্সেলোনা। এমন একটা মাহেন্দ্রক্ষণের প্রাক্কালে বার্সেলোনার পাশাপাশি দলটির বিখ্যাত তারকা লিওনেল মেসি অকাল প্রয়াত কোচ টিটো ভিলানোভাকে স্মরণ করলেন।
বার্সেলোনা ন্যু ক্যাম্পে অনুষ্ঠিতব্য এদিনের খেলাটিতে জিতলে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপার উত্সবে মাতোয়ারা হবে। এটি হবে কাতালান ক্লাবটির ২৬তম লা লিগা ট্রফি জয়। কোচ আর্নেস্তে ভালভার্দের শিষ্যরা চলতি মৌসুমে অবশ্য দাপুটে নৈপুণ্য দেখিয়েই শিরোপা ধরে রাখতে যাচ্ছে।
খেলোয়াড়রা মাঠে নামার আগেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বার্সেলোনা। যদি দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে রিয়াল ভ্যালাদোলিদের কাছে হেরে যায়। সে জন্যও প্রস্তুত ন্যু ক্যাম্প। তাছাড়া এ শিরোপা উত্সব প্রত্যাশিতই। কেন না মেসি বাহিনী এ মৌসুমে শিরোপা জয়ের পথে বড় কোনো বাধার মধ্যে পড়েনি।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে একাধিক কোচ বদলিয়েও শিরোপার ব্যাপারে চ্যালেঞ্জ জানাতে পারেনি বার্সেলোনাকে। পরিস্থিতি কতটা একপেশেভাবে মেসিদের পক্ষে, তা বোঝা যায় পরিসংখ্যান থেকে। সেটি হলো এ মৌসুমে বার্সেলোনা কেবল চারদিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল না।
স্প্যানিশ লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও ভাল অবস্থানে আছে বার্সেলোনা। লেভান্তের বিরুদ্ধে খেলাটির পরই তারা লিভারপুলের বিরুদ্ধে সেমিফাইনালে লড়বে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির বিরুদ্ধে জিততে পারলে ২০১৫ সালের পর এটাই হবে মেসিদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার ঘটনা।
ক্লাবটি আশা করছে আজ হবে সামনে থাকা একাধিক উত্সবের প্রথমটি। পরেরগুলোর মধ্যে আছে কোপা দেল রে’র ফাইনালও।
সব মিলিয়ে তিনটি শিরোপা উত্সবের হাতছানির মধ্যে থেকেও বার্সেলোনা স্মরণ করেছে তাদের সাবেক কোচ ভিলানোভাকে। আড়াই বছর ক্যান্সারের সাথে লড়াইয়ের পর ২০১৪ সালে জীবনের ওপারে চলে যান বার্সেলোনার এই কোচ।
ভিলানোভাকে স্মরণ করে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে নিজের একটি ছবি দিয়ে লেখেন, ‘সবসময়েই আমাদের সাথে’। বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমুও ভিলানোভার প্রতি শ্রদ্ধা জানান। তিনি নিজের পোস্টে লেখেন, ‘পাঁচ বছর হতে চললো আপনি বিদায় নিয়েছেন। আপনার মানবিক গুণ ও আপনার ফুটবল দর্শনের ভাগিদার হওয়ায় আমি কৃতজ্ঞ। আমরা ১০০ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়কে স্মরণ করি।’
ক্লাবটিও টুইটারে এক বার্তায় সাবেক কোচকে স্মরণ করে। এতে দেখা যায় ন্যু ক্যাম্পে দর্শকদের মাঝে বিশাল ব্যানারে ভিলানোভার ছবি। বার্সেলোনার টুইটার বার্তায় লেখা হয়, ‘টিটো ভিলানোভাকে ছাড়া পাঁচ বছর। একজন ব্যতিক্রমী কোচ। বার্সেলোনা তার হূদয়ে। একজন অসাধারণ ব্যক্তিত্ব।’
