ধোনির ইনজুরি নিয়ে দুশ্চিন্তা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৫৬

স্পোর্টস রিপোর্টার

মাত্র দুটো ম্যাচ খেলেই ব্যথা বেড়ে যাওয়াতে আইপিএল শেষ হয়ে গেছে ডেল স্টেইনের। দেশে ফিরে যাওয়া এই পেসারের বিশ্বকাপ খেলা নিয়ে এখন দুশ্চিন্তায় আছে দক্ষিণ আফ্রিকা। একইরকম একটা দুশ্চিন্তায় যে কোনো সময় পড়তে পারে ভারত। কারণ, ইনজুরির শঙ্কা নিয়েই আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

চেন্নাই সুপার কিংয়ের অধিনায়ক ধোনি পিঠের ব্যথা নিয়ে খেলছেন আইপিএলে। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের জেতা ম্যাচের পর ধোনি ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজন হলে তার বিশ্রাম নিতে হতে পারে। গতকাল রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যদি ধোনির দল জয় পেয়ে যায়, তাহলে সপ্তাহ খানেকের একটা বিশ্রাম নিতে পারেন তিনি। কারণ সে ক্ষেত্রে চেন্নাইয়ের সেরা দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে। ধোনি তখন কিছুদিন বিশ্রাম নিয়ে ৭ মে থেকে শুরু হতে যাওয়া প্লে অফে এসে দলের সাথে যোগ দিতে পারবেন।

কিন্তু সমীকরণটা এতো সোজা বলে মনে করছেন না চেন্নাইয়ের ব্যাটিং উপদেষ্টা মাইক হাসি। তিনি বলছেন, ধোনি নিজেই খেলা থেকে দূরে থাকতে চান না বলে তাকে বিশ্রাম দেওয়াটা কঠিন, ‘আমি মনে করি যে, আমি ওকে যতদূর বুঝি, তাতে ধোনি কোনো ম্যাচ মিস করতে চায় না। সে সিএসকে-এর হয়ে খেলতে ভালোবাসে। এই দলটা তার হূদয়ের দল। সে খেলতে চায়, ভালো করতে চায় এবং দলের সাফল্য চায়। ফলে ওকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করাটা খুব কঠিন কাজ।’

ধোনি এখানে দলের ছন্দ হারিয়ে ফেলার ভয় পেতে পারেন বলে মনে করা হচ্ছে। শেষ দুই ম্যাচে বিশ্রাম নিতে গেলে দল যদি হেরে যায়, তাহলে প্লে অফে এসে আবার দলকে আগের ছন্দে আনাটা কঠিন হবে বলে মনে করছেন তিনি।

তবে বিশ্বকাপ সামনেই বলে এই বিশ্রামের সিদ্ধান্তটা এতো বেশি আলোচনায় আসছে। মাইক হাসি বললেন, তারা খেলোয়াড়দের ঝুঁকিমুক্ত রাখতে ও অধিকার সংরক্ষণ করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বললেন, শুধু ধোনি নন সবার ক্ষেত্রে তারা এই সতর্কতা অবলম্বন করবেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ যে, আমরা খেলোয়াড়দের ইনজুরি ব্যবস্থাপনাটা সঠিক উপায়ে করতে পারি কি না। আমাদের ফিজিও টমি সিমসেক খেলোয়াড়দের সেরে ওঠা ও বিশ্রামের ব্যাপারটা ঠিক রাখার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। শুধু এমএস নয়, সব খেলোয়াড়কেই আমরা সতেজ রাখতে চাই।’