মাশরাফিকে ‘বাইরের লোক’ বললেন ডমিঙ্গো

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৮

২০২০ সালে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন মাশরাফি বিন মর্তুজা। এরপর আর দলে ফিরতে পারেননি। আনুষ্ঠানিক বিদায় নেওয়াটাও হয়ে ওঠেনি। অবশ্য তাকে আর দলে ফেরানো হয়নিও বলা যায়। এর পেছনে অন্যতম কারণ প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলে গুঞ্জন রয়েছে।

প্রোটিয়া এই কোচ না কি মাশরাফিকে আর দলে চান না। বিভিন্ন সময় মাশরাফিও জানিয়েছেন, ডমিঙ্গো তাকে এক কাপ কফি খাওয়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনো সেটির অপেক্ষায় আছেন নড়াইল এক্সপ্রেস। তাইতো আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগেরদিন সংবাদ সম্মেলনে ওঠে আসলো সেই প্রসঙ্গ।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন রাসেল ডমিঙ্গো। এ সময় তাকে প্রশ্ন করা হয়, মাশরাফিকে কফি খাওয়ানোর প্রসঙ্গ নিয়ে। জবাবে যেন একটু বিরক্তি প্রকাশ করলেন প্রোটিয়া কোচ। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, দলের বাইরের কাউকে নিয়ে তিনি কথা বলতে চান না।

রাসেল ডমিঙ্গো বলেন, ‘স্কোয়াডে নেই এমন কাউকে নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। বাইরের মানুষ কী বলে কী করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমার মনোযোগ দল, পরিবার, কাজে। আপাতত এর বাইরে মনোযোগ নেই।’

ইত্তেফাক/টিএ