স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ ফুটবলে ‘ই’ গ্রুপে আবাহনীর তৃতীয় খেলা আগামী ৩০ এপ্রিল ভারতের চেন্নাইয়ান এফসির বিপক্ষে। কিন্তুবিমানের টিকিট পাওয়া নিয়ে সমস্যার কারণে ভারতে যাওয়াটা কয়েকভাগে করতে হয়েছে আবাহনীর ফুটবলার, কোচ এবং কর্মকর্তাদের।
জানা গেছে, গতকাল রাতে প্রথম দফায় একদল গেছে ভারতে। এর মধ্যে প্রাণতোষ, অধিনায়ক সোহেল রয়েছেন। গভীর রাতে আরেক গ্রুপের যাওয়া কথা এবং আজ সকালের ফ্লাইটে যাবে আবাহনীর কর্মকর্তাসহ কয়েকজন ফুটবলার।
নাইজেরিয়ান ফুটবলার সানডের ভিসা না হওয়ায় তাকে ছাড়াই আবাহনী মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। সানডের স্ত্রী, সন্তান ঢাকায় এসেছেন। তাদের নিয়ে ব্যস্ত আবাহনীর এ প্লেমেকার। গ্রুপ ম্যাচের প্রথম খেলায় নেপালের মানাং মারসিয়াংদী ক্লাবকে হারিয়েছে আবাহনী। এরপর ঢাকায় পাঞ্জাব মিনার্ভার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল।
