বঙ্গভবনে সার্চ কমিটি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৭

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিতে বঙ্গভবনে গেছে সার্চ কমিটি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সার্চ কমিটির সদস্যদের বঙ্গভবনে ঢুকতে দেখা যায়। 

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমেকে জানিয়েছিলেন, সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

তবে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে যাননি।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করার দায়িত্ব নিয়ে ৩২২ জনের নাম সংগ্রহের পর সেই তালিকা ২০ জনে নামিয়ে এনেছিল সার্চ কমিটি।

এরপর ২০ জনের সেই তালিকাও ছোট করে ১২ থেকে ১৩ জনে নামিয়ে আনার কথা জানিয়েছিলেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুপারিশ করা হবে। সেখান থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

ইত্তেফাক/এএএম