সাভারে জুতার কারখানায় আগুনের ঘটনায় মামলা 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৬

সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার মালিকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইউনি ওয়ার্ল্ড ওয়ার লিমিটেড নামক জুতা তৈরির কারখানার মালিক মিজানুর রহমানের সেচ্ছাচারিতার কারণেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নিহতদের পরিবার ও স্বজনরা। শ্রমিক নিহতের ঘটনায় ঘটনার পর থেকে কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। 

এদিকে আগুনে নিহত তিন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন-টাঙ্গাইল জেলার সদর থানা এলাকার আনুহাল্লা গ্রামের মোবারকের ছোট মেয়ে সুমাইয়া আক্তার (১৪), খুলনা জেলার পাইকগাছা থানার খুড়িয়া গ্রামের ঝালমুড়ি বিক্রেতা হানিফের স্ত্রী শাহানারা বেগম (৪০) এবং অপর জনের নাম মো. রুবেল মিয়া (২৮)।

বৃহস্পতিবার সকালে আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কে ইউনি ওয়ার্ল্ড ওয়ার লিমিটেড নামক জুতা তৈরির কারখানায় গিয়ে দেখা যায়, আগুনে কারখানাটিতে শ্রমিক মৃত্যুর খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক লোকজন পুড়ে যাওয়া কারখানাটি দেখতে ঘটনাস্থলে ভিড় করছে। কারখানার মূল ফটকের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশকিছু কেমিক্যালের ড্রাম। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যা প্রায় ২০ ফিট রাস্তা পার হয়ে পার্শ্ববর্তী গরুর খামারের শেডে লেগে গিয়েছিল। 

কারখানার মূলফটক দিকে ঢুকতেই হাতের বা পাশে দেখা গেছে ইলেকট্রিক লাইনের যাবতীয় সরঞ্জামাদির ডিবি বক্স। কারখানাটির নীচ তলায় এবং দোতলায় থাকা বিভিন্ন ধরনের মেশিনারিজ পুড়ে গেলেও অক্ষত রয়েছে কেমিক্যাল ও জুতার গাম ভর্তি টিনগুলো। 

আগুনের হাত থেকে বেঁচে ফেরা নারী শ্রমিক রেশমা আক্তার বলেন, নীচ তলায় থাকা বড় মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আমি বের হওয়ার জন্য সিঁড়ির সামনে আসলেও ধোয়ার কারণে কিছু দেখতে পারছিলাম না। তারপর কোনমতে জানালা খুঁজে পেয়ে সেটা খুলে শ্বাস নেই। কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করলেও বেশিরভাগই শিশু শ্রমিক বলে জানান তিনি। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদিপ কুমার গোপ বলেন, জুতার কারখানায় আগুনের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় কারখানার মালিকসহ দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেকের নাম রয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত প্রত্যেকের লাশ দাফনের জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।   

উল্লেখ্য, বুধবার আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে কারখানাটি সম্পূর্ণ পুড়ে যায় এবং আগুনে পুড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়। 

ইত্তেফাক/এএএম