বর্তমান সময়ে বাংলা ভাষার বিকৃতরূপ ঘটছে। বাংলা ভাষার ঐতিহ্য রক্ষার্থে তরুণদের অনুবাদ সাহিত্যের উপর গুরুত্ব দিতে হবে। আমাদের মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলা ভাষার এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসরাফিল আলম রাফিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হুসাইনের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ‘অমর একুশে চেতনায় মাতৃভাষার ঐতিহ্য এবং সংকট উত্তরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেলিনা হোসেন বলেন, একুশ মানে মাথা নত না করা। আমাদের স্বাধীনতার মূলে একুশের চেতনাই প্রধান ভূমিকা পালন করে। আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে প্রথমে নিজের ভিতরে লালন করে কিভাবে সংস্কৃতির বিস্তৃতি ঘটানো যায় সেদিকে নজর দিতে হবে। বাংলা সাহিত্যকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বের সকল জাতির মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, তরুণরাই আগামীদিনের ভবিষ্যৎ ও কান্ডারি। বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে এবং ভাষার শুদ্ধতা চর্চায় তরুণদের জোরালো ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহীম ফরাজী এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।
