বাসাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে সিগারেটের আগুনে দগ্ধ করার অভিযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২২:১৪

মামলা দায়ের, একজন আটক

বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের বাসাইলে স্ত্রীকে সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়ে দগ্ধ করার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই নারীর পিতা আবুল হোসেন। বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী সজীব মিয়ার বিরুদ্ধে বাসাইল থানায় এই মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত সজীব বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান গ্রামের আজিজুল ইসলামের ছোট ছেলে। তার স্ত্রী খাদিজা আক্তার (১৮) বর্তমানে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। মামলায় আবুল হোসেন অভিযোগ করেন, ২২ দিন আগে সজিবের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সজীব তার মেয়েকে মারধর করতো। গত মঙ্গলবার রাতে যৌতুকের বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে খাদিজাকে হাত-পা বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয় সে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। আসমা বেগম নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’