ব্রাজিলের পেট্রোপলিস নগরীতে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
দেশটির কর্তৃপক্ষ বলেছে, ঝড়ের পরে এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও তারা এখনও মৃতদেহ উদ্ধার করছে। এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, এখনও প্রায় ৫১ জন নিখোঁজ রয়েছে। তবে অনেক মৃতদেহ শনাক্ত করা ও পরিবারগুলি পুনরায় একত্রিত হওয়ার পর নিখোঁজের সংখ্যা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
রিও ডি জেনিরোর পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ২০৪টি মৃতদেহের মধ্যে বুধবার পর্যন্ত ১৮৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি মুষলধারে বৃষ্টিপাতের ফলে রিও ডি জেনেইরো নগরীর উত্তরাংশের রাস্তাগুলোতে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। এ দুর্যোগে গৃহহীন হয়ে পড়া সাড়ে ৮০০ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদেরকে জরুরি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
