বাইরের সমালোচনায় চিন্তিত নন ডমিঙ্গো 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৪

বাংলাদেশের হেড কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর অবস্হান বেশ নড়বড়ে, এটা এখন ওপেন সিক্রেট। প্রোটিয়া এই কোচকে নিয়ে উচ্চবাচ্য করছে না বিসিবি। তবে গত বছর টি-২০ বিশ্বকাপের পর থেকেই তার ক্ষমতা সংকোচনের সব পদক্ষেপই নিয়েছে বিসিবি। তাতেই স্পষ্ট যে কোনো সময়ই টাইগারদের ড্রেসিংরুমে ডমিঙ্গোর সময়টা ফুরিয়ে যাওয়ার ঘোষণা আসতে পারে। গুঞ্জন আছে, আগামী দক্ষিণ আফ্রিকা সফরেই তার বিদায় ঘণ্টা বেজে যেতে পারে।

ডমিঙ্গোর কোচিং প্যানেলের সিংহভাই এখন আর নেই। চারপাশে নতুন দায়িত্ব দিয়ে টিম ডিরেক্টর, ব্যাটিং কোচ সংযোজন করা হয়েছে। চট্টগ্রামে এখন অলংকারিক হেড কোচ হয়েই কাজ করছেন তিনি। 
গতকাল সাগরিকায় ঐচ্ছিক অনুশীলনের পর চারপাশের সমালোচনার আবহ, উত্তাপের ছটা ডমিঙ্গোর ওপরও গিয়ে পড়ল। অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হেড কোচ। সেখানে তিক্তকর প্রশ্ন ছুটে গেছে তার দিকে। তবে অপ্রীতিকর সব প্রশ্নে মেজাজ হারাননি তিনি। বরং শান্ত থেকেই বলেছেন, নিজের কাজের দিকেই ফোকাস তার। বাইরের সমালোচনায় নিজে এবং খেলোয়াড়দের আক্রান্ত হতে দিতে চান না তিনি।

সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল বাংলাদেশের হেড কোচ থাকবেন, আপনি আত্মবিশ্বাসী কিনা? জবাবে গতকাল ডমিঙ্গো বলেন, ‘আপনি বিসিবিকে জিজ্ঞেস করুন। যদি আমি আত্মবিশ্বাসী কোচ না হই, আমি আন্তর্জাতিক দলের কোচিং করাতে পারতাম না। মিডিয়া, মানুষ যাই বলুক আমাকে নিয়ে, আমি মেজাজ হারাতে চাই না, কিন্তু এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়।’

তিনি আরো বলেন, ‘আমার ও খেলোয়াড়দের সম্পর্কে যা ইচ্ছা আপনি লিখতে পারেন। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের এসব থেকে দূরে রাখা। আমি যদি এসবে আক্রান্ত হই, আমার খেলোয়াড়রা এসবে আক্রান্ত হবে না, এটা আমি আশা করতে পারি না। বেশির ভাগ সময় আপনি কি লিখছেন, তা আমি বুঝতে পারি না, তাই এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়।’

টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনের অন্তভু‌র্ক্তিকে স্বাগত জানিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘আমার কাছে টিম ডিরেক্টর আমার এবং বোর্ড সদস্যের মধ্যে একটা যোগসূত্র, কি হচ্ছে তা জানানোর। নির্বাচন (খেলোয়াড়) বিষয়ে আমরা কি চিন্তা করছি তা জানানো। টিম ডিরেক্টরের সঙ্গে যথেষ্ট আলোচনা হয় আমার, লাইনআপ কী হতে যাচ্ছে, টসে কী করা হবে? চাচাকে (খালেদ মাহমুদ সুজন) এখানে পাওয়াটা দারুণ বিষয়। সে আমাকে চাপ থেকে দূরে থাকতে সাহায্য করছে।’ 

বাংলাদেশের ক্রিকেটারদের চেনার ক্ষেত্রে ব্যাটিং কোচ সিডন্সকে এগিয়ে রাখলেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘সে (সিডন্স) অভিজ্ঞ কোচ, যে সারা পৃথিবীতে কাজ করেছে। সে পদ্ধতিটা জানে। সে সম্ভবত আমার চেয়ে এই খেলোয়াড়দের ভালো জানে। সে এখানে আগে ছিল। তাকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার। আমাদের কোচিং স্টাফে সে অনেক অভিজ্ঞতা নিয়ে আসছে।’

 

ইত্তেফাক/জেডএইচডি