সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরের ঘটনার তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে অব্যাহতি প্রদান এবং সংগঠন থেকে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সাভারের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। পরে ওই কিশোরী বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় বুধবার রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই কিশোরীর মা বাদী হয়ে সোহেলকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই তার বিরুদ্ধে আনিত ধর্ষণের অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে ছাত্রলীগ। পরে পুলিশ এবং ভুক্তভোগী সাথে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা মিললে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। এদিকে মামলা দায়েরের পর থেকেই পলাতক রয়েছে সোহেল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
