দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশের নারী ফুটবল দল। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশ পর পর দুই খেলায় জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। গতকাল রাতে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে শক্তিশালী কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হয়নি। আজ শনিবার অন্য গ্রুপের শেষ খেলার পর জানা যাবে সেমিতে কার বিরুদ্ধে লড়তে হবে।
সংশ্লিষ্টরা জানান, কিরগিজদের চেয়ে বাংলাদেশের ফুটবলাররা শারীরিক সক্ষমতায় অনেক পিছিয়ে। তাদের শক্তি আর সামর্থ্যের ধারেকাছেও নেই বাংলাদেশ। অথচ গতকাল কোনো এক ‘যাদু শক্তিতে’ সেই সব ব্যবধান এক ফুত্কারে উড়িয়ে দেন সানজিদা, কৃষ্ণা, মারিয়া, তহুরা, মনিকারা। তহুরাদের দাপুটে ফুটবলের মুখে কিরগিজস্তানকে পাড়ার দলের মতোই মনে হয়েছে এদিন।
এই টুর্নামেন্টের দ্রুততম গোল হয়েছে গতকালের ম্যাচে। সানজিদা সেই গোলের মালিক। দারুন খেলেছেন এই রাইট উইঙ্গার। নিজে গোল করে গোল করিয়েছেনও তিনি। ম্যাচ সেরার ৫০০ ডলার পুরস্কার পেয়ে সানজিদা বললেন, ‘গোল করার চেয়ে গোল করাতে বেশি ভালো লাগে।’ তিনি বলেন, ‘এখানে এই গরম কিছুই না। এর চেয়েও বেশি গরমে মিয়ানমারে খেলেছি।’ (আরো খবর খেলার পাতায়)।
