হামলা বন্ধের আহ্বান মোদির, আলোচনায় সমাধানের পক্ষে জিনপিং

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩০

ইউক্রেনে চলছে রাশিয়ার ব্যাপক সামরিক অভিযান। এ অবস্থায় দেশটিতে রুশ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ আহ্বান জানান। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, ইউক্রেনে অবস্থানরত ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার ওপর জোর দিচ্ছে ভারত। 

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কূটনৈতিক সংলাপ এবং আলোচনার পথে ফিরতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,  রাশিয়া এবং ন্যাটো জোটের বিরোধ একমাত্র সত্য এবং দায়িত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন-সংশ্লিষ্ট সাময়িক ঘটনাবলির বিষয়ে নরেন্দ্র মোদিকে অবহিত করেন। ইউক্রেনে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন মোদি।

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গতকাল শুক্রবার টেলিফোনে আলাপ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে আলজাজিরার এক খবরে বলা হয়েছে, ইউক্রেনে চলমান সংকট আলোচনার মাধ্যমে সমাধান করার ব্যাপারে সমর্থন রয়েছে চীনা প্রেসিডেন্টের।

অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুদ্ধে উসকানি দেওয়ার যে কোনো কাজের বিরোধিতা করে চীন। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ইউক্রেন ইস্যুতে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, উত্তেজনা না বাড়াতে সব পক্ষকে বোঝানোর পাশাপাশি উসকানি না দেওয়ার জন্য শুরু থেকেই বেইজিং দায়িত্বশীল মনোভাব নিয়েছে।

যদি সব পক্ষ শান্তি আলোচনায় এগিয়ে আসত, ইউক্রেন ইস্যুর ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যালোচনা করত, একে অপরের নিরাপত্তা উদ্বেগকে সম্মান করত, তাহলে পরিস্থিতি অন্য রকম হতে পারত।

ইউক্রেনে সামরিক হামলার মধ্যেই মস্কোতে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আলজাজিরার এক খবরে বলা হয়েছে, সংঘাত এড়ানো সম্ভব না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ইমরান খান। বৃহস্পতিবার দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ সরকার বলেছে, ইমরান খানের এই সফর হলো ‘ওয়ার্কিং ভিজিট’। তারা দ্বিপাক্ষিক সহযোগিতা, দক্ষিণ এশিয়াসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। 

ইত্তেফাক/এএইচপি