বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আমরণ অনশন আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যার পর বরিশাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ হানিফের নেতৃত্বে সুশীল সমাজের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। এসময় তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে অনশন কর্মসূচি স্থগিত রাখার আহবান জানান। এর আগে বুধবার থেকে টানা তিনদিনের অনশন কর্মসূচিতে চার শিক্ষকসহ ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর জানান, সোমবারের মধ্যে ভিসিকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে মঙ্গলবার থেকে।
উল্লেখ্য, ২৬ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এরপর আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
ববি পুলিশ ফাঁঁড়ির ইনচার্জ ক্লোজড
ববির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক। শিক্ষার্থীরা জানান, আন্দোলন নিয়ে ওই এসআই ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর তাকে সরিয়ে দেয়া হয়েছে।
