ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে বলে পিবিআই’র তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। নুসরাত হত্যা মামলা সম্পর্কে পিবিআই তদন্ত কর্মকর্তা শাহ আলম জানান, এই মামলায় এজাহারভুক্ত আসামিসহ এখন পর্যন্ত ২৩ জন গ্রেফতার হয়েছে। এই মামলার অন্যতম আসামি শাকিলকে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কিলিং মিশনে অংশগ্রহণকারী পাঁচজন-শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন, জোবায়ের আহমেদ, উম্মে সুলতানা পপি ও কামরুন নাহার মণি রয়েছে। এরাসহ মামলায় ৮ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আদালতে। এখনও ৭ জন রিমান্ডে রয়েছে। সবার রিমান্ড শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব চার্জশিট প্রদান করা হবে। তদন্তকারী সংস্থা পিবিআই সূত্র জানায়, এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে ২৫ জন জড়িত রয়েছে। চার্জশিটে এদের প্রত্যেকের নাম আসবে।
