জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের তিনদিন পর ঝিনাই নদী থেকে মিজানুর রহমান নামে সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চরনান্দিনা গ্রাম সংলগ্ন ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি চরনান্দিনা গ্রামের আমজাদ আলীর ছেলে।
মঙ্গলবার রাতে চররৌহা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মিজানুর। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার তার বাবা আমজাদ আলী সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে বাড়ির পাশে ঝিনাই নদীতে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে হাত-পা বাঁধা অবস্থায় মিজানুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।
মিজানুরের বাবা আমজাদ আলী বলেন, আমার ছেলে মিজানুর রহমান সৌদি প্রবাসী ছিল। বিদেশ থাকাবস্থায় সে কিছু টাকা ধার দেয় একই গ্রামের আব্দুল কদ্দুছের স্ত্রী কল্পনা বেগমকে। এ টাকা ফেরত চাওয়া নিয়ে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরপর মিজানুরকে নানা হুমকিও দেওয়া হয়েছে।
এ টাকার জন্যই মিজানুরকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন আমজাদ আলী।
এদিকে মিজানুর রহমানের লাশ উদ্ধারের পর থেকেই আব্দুল কদ্দুছ ও তার স্ত্রী কল্পনা বেগম এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, নদী থেকে মিজানুর নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে মিজানুরের নিখোঁজে ব্যাপারে তার বাবা আমজাদ আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি: দীপু মনি