গুজরাটে রেকর্ড ভোট কীসের ইঙ্গিত দিচ্ছে?

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২২:৩৩

এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে রেকর্ড পরিমাণ ভোট পড়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক মহলে। এই ভোট বিজেপির পক্ষে? নাকি বিরোধীদের পক্ষে? তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ, পর্যালোচনা।

গত মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে গুজরাটের ২৬টি আসনে ভোট হয়। ভোট পড়েছে ৬৪ দশমিক ১১ শতাংশ। এর আগে ১৯৬৭ সালে গুজরাটে লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল সবচেয়ে বেশি ৬৩ দশমিক ৭৭ শতাংশ। ওই নির্বাচনে গুজরাটের ২৪ আসনের মধ্যে ক্ষমতাসীন জাতীয় কংগ্রেসের আসন ১৬ থেকে কমে ১১ তে দাঁড়িয়েছিল। বিরোধীদল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছিল ১৩টি আসন। ৪২ বছর পর আবারো রেকর্ড ভোট পড়েছে গুজরাটে। ২০১৪ সালে মোদি জোয়ারেও এত ভোট পড়েনি। গত নির্বাচনে ভোট পড়েছিল ৬৩ দশমিক ৬ শতাংশ। আর গুজরাটে ক্ষমতাসীন বিজেপি ২৬টি আসনের সব কটিতেই জয়লাভ করেছিল। তবে গত বছরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। ১৮২ আসনের বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন ছিল ৯২ আসন। বিজেপি সেখানে পায় ৯৯টি আসন। ৭৮টি পেয়েছিল জাতীয় কংগ্রেস। বিভিন্ন জরিপে বলা হয়েছে, এবার গুজরাটে ৮টি আসন হারাতে পারে বিজেপি।

গুজরাটে এবার রেকর্ড সংখ্যক ভোটারের ভোট দেওয়ার বিষয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, গুজরাটে মোদির পক্ষে জোয়ার চলছে। উল্টোদিকে কংগ্রেস নেতা ভারত শোলাঙ্কির দাবি, বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে দলে দলে ভোট দিয়েছেন গুজরাটের মানুষ। কার দাবি ঠিক? ভারতের রাজনৈতিক মহলের মতে, ভোটের অংক বলে বেশি ভোট পড়লে তা শাসকদলের জন্য ভাল নয়। কি হবে এবার?? সব মিলিয়ে গুজরাটে রেকর্ড ভোটদান ঘিরে রহস্য দানা বাঁধছে।