এক নজরে নতুন সিইসি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫২

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী পাঁচ বছরের জন্য সিইসির দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সেখান থেকে ২০১৭ সালে অবসরে যান। এছাড়া কাজী হাবিবুল আউয়াল সরকারের বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

বিসিএসের ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা এর  আগে ধর্ম, সংসদ সচিবালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে বিদায় নেওয়ার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলেন।

এর আগে সার্চ কমিটির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি পর্যায়ে সবার কাছে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম চাওয়া হয়। আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দল নাম পাঠায়। অনেকে ব্যক্তিগতভাবেও নাম পাঠান। সার্চ কমিটির কাছে মোট ৩২২ জনের নাম জমা পড়ে। এরপর তারা কয়েকটি বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করেন। ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ১০ জনের এ তালিকা জমা দেন সার্চ কমিটির সদস্যরা।

 

 

 

ইত্তেফাক/এনএ/ইউবি