ইউক্রেনের সংঘাত অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে: আইএমএফ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০

ইউক্রেনে সংঘাত ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে থাকার কথাও উল্লেখ করেছেন তিনি। এক বিবৃতিতে বলেন, ইউক্রেনে সপ্তাহ ধরে চলমান ঘটনাগুলো উদ্বেগ বাড়াচ্ছে—যা সাধারণ মানুষের উদ্বেগ এবং ভোগান্তিতে বাড়াচ্ছে। এই সংঘাতের মারাত্মক অর্থনৈতিক প্রভাব রয়েছে যা দীর্ঘমেয়াদে আরও খারাপ হতে পারে। এই সংঘাত এমন এক নাজুক সময়ে হচ্ছে যখন সারা বিশ্বে কোভিড-১৯ মহামারি অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। এখন সেই পুনরুদ্ধার প্রক্রিয়ার বহু অর্জন হুমকিতে পড়বে বলে তিনি আশঙ্কা করেন।

চলমান পরিস্থিতিতে আইএমএফের বোর্ডসভায় আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুক্রবার অনুষ্ঠিত বোর্ডসভায় আমি সদস্যদের আশস্ত করেছি যে, আমরা যত দূর সম্ভব, যত পদ্ধতিতে সম্ভব ইউক্রেনকে সহায়তায় কাজ করে যাব। আমরা বিশ্বব্যাংক গ্রুপ এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও হাতের সঙ্গে হাত মিলিয়ে ইউক্রেনের সহায়তায় কাজ করব যাতে করে দেশটির সর্বোচ্চ উপকার নিশ্চিত হয়।

  হামলায় বিধ্বস্ত স্থপনা। ছবি: বিবিসি

বর্তমান পরিস্থিতিতে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে ইউক্রেন কতৃ‌র্পক্ষের সঙ্গেও আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন কর্তৃপক্ষ ইতিমধ্যে সহায়তা চেয়েছে। নীতিসহায়তা ছাড়া ২২০ কোটি ডলারের তাত্ক্ষণিক সহায়তা তহবিল প্রস্তুত রয়েছে। সংঘাতের কারণে ইউক্রেন ছাড়াও এই অঞ্চলে এবং বিশ্বের অন্য অঞ্চলে উল্লেখযোগ্য অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। আমরা সম্ভাব্য প্রভাবগুলো মূল্যায়ন করছি। আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সদস্যদের প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত রয়েছি বলে তিনি উল্লেখ করেন।

ইত্তেফাক/এএএম