দীর্ঘ ২৬ বছর পর বর্ণাঢ্য আয়োজনের সম্মেলনের মাধ্যমে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় এমপি উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক ফাহমী গোলন্দাজ বাবেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল কাশেম।
নব ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মআহবায়ক আশরাফ উদ্দিন বাদল।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই কমিটি ঘোষণা করেন।
উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৬ সালের ১৯ নভেম্বর। সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন আমির হোসেন, সাধারন সম্পাদক নির্বাচিত হন দুলাল উদ্দিন আকন্দ। ২০০৬ সালের ২৪ জুন উপজেলা আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে দেওয়া হয়। ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর সাবেক এমপি আলতাফ হোসেন গোলন্দাজকে আহবায়ক করে কেন্দ্র থেকে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি করে দেওয়া হয়। ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি আলতাফ হোসেন গোলন্দাজের মৃত্যুর পর ২০০৮ সালের উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। ২০১৫ সালের ২১ নভেম্বর ফাহমী গোলন্দাজ বাবেল এমপিকে আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলকে যুগ্ম আহবায়ক করে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি করে দেওয়া হয়।
দীর্ঘ ২৬ বছর পর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ছিল উৎসব মুখর । বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয় সম্মেলনস্থল পৌরসভা চত্বর থেকে প্রায় ২০ কিলোমিটার এলাকা। সম্মেলন উপলক্ষে পৌরসভা চত্বরে নৌকার আদলে ১০০ আসন বিশিষ্ট ৬০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থ’ মঞ্চ প্রশস্ত করা হয়। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ১৫ হাজারেরও বেশী নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শনিবার সকাল থেকেই ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকার হাজার হাজার নেতাকর্মী বর্ণাঢ্য মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেয়।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফাহমী গোলন্দাজ বাবেল এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ। সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জগিরুল ইসলাম খোকা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়জ্জেম হোসেন বাবুল। আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল মনি ও আব্দুল হামিদ মুনসুরের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন সাংসদ নাজিম উদ্দীন আহমেদ, কাজিম উদ্দিন ধনু, আনোয়ারুল আবেদীন খান তুহীন, জুয়েল আরেং, মনিরা সুলতানা মনি প্রমুখ।
