ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৬

সাভারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মামলা দায়েরর পর থেকে সে পলাতক ছিল। ধর্ষণের অভিযোগে দলীয় পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। 

পুলিশ জানায়, কয়েক মাস আগে সোহেল রানা সাভার পৌর এলাকার ইমান্দিপুরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে আসছিলো। ওই কিশোরী বিয়ের জন্য চাপ দিলে সোহেল রানা তাকে বিয়ে করতে অস্বীকার করে। নিরুপায় হয়ে কিশোরীর মা গত বৃহস্পতিবার সোহেলের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর র‌্যাব গত শনিবার চট্টগ্রাম থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব তাকে সাভার থানায় সোপর্দ করে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে। 

ইত্তেফাক/এমএএম