প্রশাসনের নির্দেশে জুমার খুতবায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বয়ান ইমামদের

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:৫৮

প্রশাসনের নির্দেশে পবিত্র কোরআন ও হাদিসের মহান বানী তুলে ধরে দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের খুতবায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বয়ান করেছেন ইমামরা। যে কোনো ধরনের সন্ত্রাস দমনে সরকারকে সহায়তার আশ্বাস দেন তারা।

যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেনো পুরো মানবজাতিকে হত্যা করলো, ইসলামের এমন সুমহান বাণী প্রচার করা হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের সামনে। প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে শুক্রবার রাজধানীর পাশাপাশি দেশের বহু মসজিদে জুমার নামাজের খুতবার আগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা করেন ইমামরা। ধর্ম মন্ত্রণালয় থেকে একটা লিখিত খুতবা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশের মসজিদে পাঠানো হয়। সেটাই পড়েন অনেক মসজিদের ইমাম।

বায়তুল মোকাররমের ইমাম বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হয়ে এটিকে প্রতিহত করতে হবে। যুবসমাজকে সঠিক পথে রাখতে প্রকৃত ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের প্রতি নজরদারি রাখতে পিতা-মাতার প্রতি আহ্বান জানানো হয়।

ঢাকার একজন ইমাম বলেন, আমাদের নবীজী নিজে ইহুদীদের বাড়িতে দাওয়াত গ্রহণ করে সেখানে খাওয়াদাওয়া করেছেন। কাজেই ধর্মের নামে জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না।

প্রশাসনের নির্দেশনা পেয়ে জুমার খুতবার আগে, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পবিত্র কোরআন ও মহানবী এর উদ্ধৃতি দিয়ে আলোচনা করেন খতিব ও ইমামরা। এসময় সম্প্রতি শ্রীলংকার গির্জায় বোমা হামলায় নিহতদের শান্তি কামনা করা হয়।

ইত্তেফাক/আরকেজি