সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
নিউজিল্যান্ডে জয়ের বন্ধ্যাত্ব কেটে গেছে চলতি বছরের শুরুতে। দক্ষিণ আফ্রিকার মাটিতেও কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। এবারের সফরে জয়ের খাতা খোলার পরিকল্পনা করছে বিসিবি।
তাই এই সফরের পরিকল্পনায় দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার,ও ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে যুক্ত করার চেষ্টায় বিসিবি। এর আগে কার্স্টেন বিসিবির হেড কোচ নিয়োগের পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি একাডেমি আছে কার্স্টেনের। ওই একাডেমির কোচ রায়ান কুক বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন গত বছর পর্যন্ত। এবার কার্স্টেনের একাডেমিতে বাংলাদেশের ক্যাম্প আয়োজন করছে বিসিবি। টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটাররা সেখানে ক্যাম্প করবেন।
গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় দুই সপ্তাহ ক্যাম্প চলবে সেখানে। ১১ থেকে ২৩ মার্চ পর্যন্ত মুমিনুলরা অনুশীলন করবেন কেপটাউনে।
সফরের শুরুতে তিন ওয়ানডে ও পরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। বিসিবি অবশ্য টেস্ট দলটাকেও ১১ মার্চ ওয়ানডে দলের সঙ্গেই পাঠিয়ে দিচ্ছে। ওয়ানডে সিরিজ চলাকালে মুমিনুল-সাদমানরা কার্স্টেনের একাডেমিতে অনুশীলন করবেন। তাদের তত্ত্বাবধানে থাকবেন জেমি সিডন্স এবং এই ক্যাম্পের কয়েকটি সেশনে যেন কার্স্টেন উপস্থিত থাকেন, এখন সেটি নিশ্চিত করার চেষ্টাই করছে বিসিবি।
