খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০০:৩৬

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিত্সার দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে গতকাল সকালে ও দুপুরে রাজধানীতে দুটি বিক্ষোভ মিছিল হয়েছে।

সকাল সাতটার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, দপ্তর সম্পাদক এ বি এম রাজ্জাক, কাফরুল থানা বিএনপি সভাপতি আক্তার হোসেন জিল্লু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলুসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির শতাধিক নেতাকর্মী অংশ নেন।

দুপুরের আগে ঢাকা মহানগর বৃহত্তর উত্তরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কয়েক শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বিমান বন্দরের সামনে শুরু হয়ে জসিম উদ্দিন রোডে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রিজভী। মিছিলে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা থানা বিএনপি’র আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, বিমান বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভুঁইয়া, উত্তরা থানা যুবদল সভাপতি মিলন মিয়া, তুরাগ থানা যুবদল সভাপতি আলমাস আলী প্রমুখ নেতাকর্মীরা অংশ নেন।