‘এখন’ই ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি রাশিয়ান সেনাদের অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানান ৪৪ বছর বয়সী এই নেতা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এক ধারণকৃত ভাষণে তিনি বলেন, ‘নতুন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করে নিতে আমরা আবেদন জানাচ্ছি। আমাদের লক্ষ্য হলো সব ইউরোপিয়ানের সঙ্গে একীভূত হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো সমানাধিকার। আমি নিশ্চিত, এটি ন্যায্য ও এটি সম্ভব।’
এসময় যুদ্ধে প্রাণ হারানো ১৬টি শিশুকে ‘ইউক্রেনের বীর’ বলে সম্বোধন করেছেন তিনি।
এদিকে বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে এই বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাশিয়া প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেন, ‘আমরা মাত্রই খবর পেলাম, ইউক্রেনের প্রতিনিধিদল এক ঘণ্টার মধ্যে পৌঁছাবে। তাই আমরা ১২টা নাগাদ আলোচনার টেবিলে বসতে পারব।’
অবিলম্বে ‘যুদ্ধবিরতি’ এবং ইউক্রেন ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানায় কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি জোনাহ হুল পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে রয়েছেন। রাশিয়ার চলমান আগ্রাসনের মাঝে শেষ পর্যন্ত এই শান্তি আলোচনা কোথায় গিয়ে ঠেকবে সে বিষয়ে আগাম ধারণা করা কঠিন বলে মন্তব্য করেছেন তিনি।
