পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রবৃদ্ধি ও উন্নয়নকে ন্যায্যতার ভিত্তিতে সকল স্থানে সকলের মধ্যে বণ্টন করে দিতে পারলে নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সক্ষম হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির ১০ম জাতীয় দ্বি-বার্ষিক সম্মেলন এবং বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম এ জলিলের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম লেকচার হলের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল বারকাত এবং আইএফআইএলের এমডি এ জেড এম সালেহ।
অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ আমাদের অর্থনীতির সক্ষমতার পরিচয়। বাংলাদেশের জনসংখ্যা কোনো সমস্যা নয়, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে।
