কম বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে চিন্তার অন্ত থাকে না। রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কত কিছুই না করতে হয়। শরীরচর্চার পাশাপাশি অনেকে হাঁটাহাটিও শুরু করেন। তবে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রথমেই খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। শুধু মিষ্টি ছাড়লেই হবে না, ডায়েটে রাখতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের সঠিক ভারসাম্য।
দুপুর হলেই বাঙালির ভাত ছাড়া চলে না। ডায়াবেটিস থাকলে দুপুরে ভাত-রুটি না খাওয়াই ভালো। মধ্যাহ্নভোজে ফল, সালাদ এবং চর্বিহীন মাংস রাখতে পারেন। বেশি মাত্রায় প্রোটিন খেলে পেটও ভরবে আর রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। জেনে নিন সহজেই তৈরি করা যায় এমন কিছু সুস্বাদু খাবারের কথা।
ছোলা চিকেন সালাদ: চিকেনে সব রকম মশলা মাখিয়ে অল্প তেলে সেঁকে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন। এ বার সেদ্ধ ছোলার সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন এই সালাদ। এতে লেটুস পাতা, টমেটো যোগ করতে পারেন। সঙ্গে ভিনিগার বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
টুনা সালাদ: টুনা মাছ প্রোটিনের দারুণ উৎস। এই মাছ হালকা ভেজে নিতে পারেন। লেটুস, চেরি টমেটো, ভাজা রসুন কুঁচি, অলিভ অয়েল মাছের সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত সালাদ। লেবুর রস ও অলিভ অয়েলের ড্রেসিং দিলে এর স্বাদ আরও বাড়বে।
গ্রিক ইয়োগার্ট স্মুদি: সময়ের অভাবে কিংবা কাজের মাঝে অনেকেই দুপুরে খাওয়ার সময় পান না। খালি পেটে বেশিক্ষণ থাকা ডায়াবেটিস রোগীদের জন্য একেবারেই উচিত নয়। এক্ষেত্রে গ্রিক ইয়োগার্টের সঙ্গে স্ট্রবেরি কিংবা ব্লুবেরি দিয়ে চটপট বানিয়ে ফেলতে পারেন গ্রিক ইয়োগার্ট স্মুদি। এই দইয়ে ভালো মাত্রায় প্রোটিন রয়েছে। যা পেট অনেকক্ষণ যেমন ভরা রাখবে তেমনই কাজ করার শক্তিও জোগাবে।
