পিকআপচাপায় ৬ ভাই নিহত: মালিক আটক

আপডেট : ০১ মার্চ ২০২২, ১৯:২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় পিকআপচাপায় ৬ ভাই নিহতের ঘটনায় ওই পিকআপ মালিককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশন (পিবিআই)। মঙ্গলবার (১ মার্চ) ভোরে উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পিবিআই কক্সবাজারের পরিদর্শক এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মাহামুদুল করিম (৪০) চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকার শামশুল আলমের ছেলে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ চালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র‌্যাব।

গত ৮ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় প্রয়াত বাবার শ্রাদ্ধ উপলক্ষে্য নয় ভাই-বোন মিলে শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় ওইদিন পাঁচ ভাই নিহত হন। এতে আহত হন তাদের ভাই রক্তিম সুশীল ও বোন হীরা রানী সুশীল। পরে গত ২২ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রক্তিম শীল মারা যান।

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব শীল বাদী হয়ে পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিদর্শক এনামুল হক বলেন, ছয় ভাই নিহতের মামলাটি পিবিআই-এর কাছে হস্তান্তরের পর পুলিশ পিকআপ মালিকের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। সোমবার রাতে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলায় পিকআপ মালিক মাহামুদুল করিম অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে সটকে পড়ে। পরে মাহামুদুল করিম চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকা নিজের বাড়ি অবস্থান করছে খবরে পিবিআই দলটি অভিযান চালিয়ে সেখান থেকে তাকে আটক করে। 

মঙ্গলবার দুপুরে আটক পিকআপ মালিককে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পিবিআই-এর পরিদর্শক।

ইত্তেফাক/এএএম