ডিপিএল: ক্রিকেটারদের দলবদল শুরু আজ

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৪:৩০

আগামী ১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এই প্রতিযোগিতার জন্য ক্রিকেটারদের দলবদল শুরু হচ্ছে আজ বুধবার।

দুই দিন (আজ ও আগামীকাল) চলবে দলবদল। দুই দিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

জাতীয় দলের ক্রিকেটাররা আছেন জৈব সুরক্ষা বলয়ে, আন্তর্জাতিক সিরিজ খেলছেন তারা। এদিকে, ২৩ ক্রিকেটার রয়েছেন বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। তবে দলবদলে সমস্যা হচ্ছে না তাদের। কারণ, এবার অনলাইনেও দলবদলের সুযোগ রয়েছে। সশরীরে না এসে ক্রিকেটাররা অনলাইনে রেজিস্ট্রেশন করে দলবদল সম্পন্ন করতে পারবেন। মঙ্গলবার (১ মার্চ) সিসিডিএমের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দলবদলের জন্য সামগ্রিক প্রস্তুতিও সম্পন্ন করেছে সিসিডিএম।

প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের সিংহভাগই দল গোছানোর কাজ সেরে ফেলেছে। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক, শেখ জামাল, গাজী গ্রুপ, শাইনপুকুর, ওল্ডডিওএইচএস, খেলাঘর, লেজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন দল গুছিয়ে নিয়েছে। 

ইত্তেফাক/টিএ