পুতিন স্বৈরশাসক, ‘ধ্বংসাত্মক’ নিষেধাজ্ঞা দেওয়া হবে: বাইডেন

আপডেট : ০২ মার্চ ২০২২, ১০:৫১

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরও ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১ মার্চ) মার্কিন কংগ্রেস সদস্যদের উদ্দেশে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ কথা বলেন বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বাইডেন বলেন, যেকোনো সময়ের চেয়ে অন্যান্য দেশ থেকে পুতিন এখন সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিশ্ব তাকে একঘরে করে রেখেছে। অর্থনৈতিক জরিমানা ও শাস্তির দিক থেকে কী অপেক্ষা করছে, সে সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই। নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনৈতিক শক্তি শুষে নেবে এবং সামরিক বাহিনীকে দুর্বল করবে।

ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেওয়া পুতিনের সমালোচনায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার একজন স্বৈরশাসক আরেকটি দেশে হামলা চালাচ্ছে। যার মূল্য দিতে হচ্ছে পুরো বিশ্বকে। কিন্তু গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের লড়াইয়ে এ মুহূর্তে গণতন্ত্রেরই উত্থান ঘটছে এবং গোটা বিশ্ব স্পষ্টতই শান্তি ও নিরাপত্তার পক্ষ নিয়েছে।

তিনি বলেন, ‘পুতিন হয়তো ভেবেছিলেন, পশ্চিমা বিশ্ব ও ন্যাটোর কোনো জবাব দেবে না। তিনি আমাদের বিভক্ত করতে পারবেন ভেবেছিলেন। কিন্তু তিনি ভুল ভাবছেন। 

ইত্তেফাক/টিআর