মার্কিন কংগ্রেস সদস্যদের উদ্দেশে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশেও দিয়েছেন বার্তা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভাষণের প্রথম ১৫ মিনিট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন বাইডেন। যার বড় একটি অংশ ছিল চলমান ইউক্রেন সংকট নিয়ে। তার ভাষণটি ছিলো ৪ ধরণের অডিয়েন্স নিয়ে। এর মধ্যে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেনীয় নাগরিক ও মার্কিন নাগরিক।
বাইডেনের ভাষণের সবচেয়ে আবেগপ্রবণ ঘটনাটি ঘটেছে প্রথমাংশে। এসময় যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইউক্রেনের দূত ওসানা মারকোভার উদ্দেশে তিনি বলেন, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
তবে রুশ প্রেসিডেন্টকে কোনো ধন্যবাদ দেননি বাইডেন। পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভুল হিসেব কষেছেন। তার জাতির অর্থনৈতিক যন্ত্রণা মাত্র শুরু হলো।
ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়ে বাইডেন বলেন, যেকোনো সময়ের চেয়ে অন্যান্য দেশ থেকে পুতিন এখন সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিশ্ব তাকে একঘরে করে রেখেছে। অর্থনৈতিক জরিমানা ও শাস্তির দিক থেকে কী অপেক্ষা করছে, সে সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই। নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনৈতিক শক্তি শুষে নেবে এবং সামরিক বাহিনীকে দুর্বল করবে।
ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেওয়া পুতিনের সমালোচনায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার একজন স্বৈরশাসক আরেকটি দেশে হামলা চালাচ্ছে। যার মূল্য দিতে হচ্ছে পুরো বিশ্বকে। কিন্তু গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের লড়াইয়ে এ মুহূর্তে গণতন্ত্রেরই উত্থান ঘটছে এবং গোটা বিশ্ব স্পষ্টতই শান্তি ও নিরাপত্তার পক্ষ নিয়েছে।
তিনি বলেন, ‘পুতিন হয়তো ভেবেছিলেন, পশ্চিমা বিশ্ব ও ন্যাটোর কোনো জবাব দেবে না। তিনি আমাদের বিভক্ত করতে পারবেন ভেবেছিলেন। কিন্তু তিনি ভুল ভাবছেন। যদি আগ্রাসন আরও বিস্তৃত করতে চায় রাশিয়া তাহলে বলে রাখি, ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি রক্ষায় প্রতিরোধ গড়ে তুলবে যুক্তরাষ্ট্র।
