রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন দখল করে নিয়েছে রুশ বাহিনী। শহরের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, রাশিয়ার দাবি যদি সত্যি হয়, তাহলে এখন পর্যন্ত চলমান আগ্রাসনে দখলকৃত এলাকাগুলোর মধ্যে বড় একটি শহর দখল হয়েছে।
সেখানকার পরিস্থিতি কী অবস্থায় আছে তা জানিয়েছেন শহরের মেয়র ইগোর কোলিখায়েভ। তিনি জানান, শহরে সংঘর্ষ চলছে। রুশ সেনারা খেরসনের রেল স্টেশন ও বন্দর দখল করে নিয়েছে। এসব ঘটনায় অনেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এখন মানুষদের নিরাপদে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে।
বিবিসি জানায়, খেরসনে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বেশিরভাগ দেখা গেছে দক্ষিণাঞ্চলের শহরগুলোতে। যার মধ্যে অন্যতম খারকিভ, খেরসন, ওদেশা ও লাইকোলাইভ।
