৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে রিয়েলমির ফোনে

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৫:০০

সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের দুটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে। রিয়েলমি জিটি ২ প্রো ও ১৫০ ওয়াট চার্জিং ক্যাপাসিটির জিটি নিও ৩। স্মার্টফোন দুইটির দুর্দান্ত অভিজ্ঞতা তুলে ধরার জন্য একটি মিডিয়া সেশনের আয়োজন করে রিয়েলমি।

মিডিয়া সেশন চলাকালীন, সাংবাদিকদের রিয়েলমি জিটি নিও ৩ এবং সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো-এর লিপ-ফরওয়ার্ড পারফরম্যান্সের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেওয়া হয়। রিয়েলমির দাবি, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ১৫০ ওয়াট চার্জিং ক্ষমতাসম্পন্ন রিয়েলমি জিটি নিও ৩ স্মার্টফোনটিতে ৫০ শতাংশ চার্জ দেওয়া যাবে মাত্র ৫ মিনিটে।

রিয়েলমি জিটি ২ প্রোতে থাকছে সুপার রিয়ালিটি ডিসপ্লে প্রযুক্তিতে তৈরি সেরা অ্যান্ড্রয়েড ২কে অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে যার মাধ্যমে একদম চোখে দেখা বাস্তবের মতো ভিজুয়াল দেখতে পারবেন গ্রাহকরা।

বিশ্ববিখ্যাত শিল্প ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সহযোগিতায়, জিটি ২ প্রো-এর ডিজাইনটি পেপার আর্টের টেকসই ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফোনটিতে বিশ্বের প্রথম ১৫০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও একটি ৪০এক্স মাইক্রো-লেন্স ক্যামেরা সমন্বিত ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে, যা প্যানোরামা ছবি তুলতে সাহায্য করে।

অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ প্ল্যাটফর্ম, ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জ ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সুবিধাযুক্ত রিয়েলমি জিটি ২ প্রো এখন বাজারে উপলব্ধ সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

ইত্তেফাক/এমআর