ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানি। দেশটি নতুন করে আরও দুই হাজাড় ৭০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। জার্মানির সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, জার্মান সরকার যুদ্ধরত ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।
সাবেক সোভিয়েত আমলের এই ক্ষেপণাস্ত্র এর আগে কমিউনিস্ট পূর্ব জামার্নি ব্যবহার করেছিল।
টানা অষ্টম দিনের মতো চলছে ইউক্রেনে রাশিয়ার লড়াই। এতে দুই পক্ষের হতাহতের বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ইউক্রেন দাবি করেছে, সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক নয় হাজার সেনা নিহত হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, অন্তত নয় হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা হয় নি।
ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, রাশিয়ার ২১৭টি ট্যাংক, ৯০টি আর্টিলারি সিস্টেম, ৩১টি হেলিকপ্টার, ৩০টি বিমান ধ্বংস হয়েছে।
অন্যদিকে প্রথমবারের মত সংঘাতে নিজেদের সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করে রাশিয়া। দেশটি জানিয়েছে, তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার ৬০০ জন।
এছাড়া রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় দুই হাজার ৮৭০ জন ইউক্রেনীয় সেনা বা নাগরিক নিহত হয়েছে। তথ্যসূত্র: বিবিসি।
