সাকিব আল হাসানের নায়িকা হতে চান পরীমণি

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৯:৪২

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এতে বল হাতে বড় ভূমিকা রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ম্যাচটি স্টেডিয়ামের প্রেসবক্সে থেকে দেখেছেন চিত্রনায়িকা পরীমণি।

এ সময় জানিয়েছেন, প্রস্তাব পেলে সাকিবের জীবনীনির্ভর সিনেমায় অভিনয় করতে চান। তিনি বলেন, ‘আগে কেউ সিনেমাটি তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে নিতে চান, তাহলে অবশ্যই করবো। আপত্তি থাকবে কেন।’

‘আমার ইচ্ছে আছে। তবে ইচ্ছে থাকলে তো আর হবে না, ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।’

এদিন, নতুন সিনেমা ‘মুখোশ’-এর প্রচারণার কাজে স্বামী শরীফুল রাজের সঙ্গে খেলা দেখতে আসেন পরীমণি। তবে জানালেন ক্রিকেট নয়, ফুটবলটাই তার বেশি পছন্দ। পরীমণি বলেন, ‘আমি ফুটবলের ভক্ত, ক্রিকেট নিয়ে অত ধারণা নাই। অবশ্য আমিও ক্রিকেট পছন্দ করি না ব্যাপারটা তা নয়। আয়োজন করে খেলাটা দেখা হয় না।’

ইত্তেফাক/টিএ