লিটন দাসের যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, তখনই বিশ্বের অনেক নামিদামি ক্রিকেট বিশ্লেষকরা লিটনের ব্যাটিংয়ে মুগ্ধতার কথা জানিয়েছিলেন। কিন্তু মাঠে সেটির প্রতিফলন নিয়মিত ঘটতে পারেননি এই ওপেনার। এ জন্য সমালোচনাও কম শুনতে হয়নি। ম্যাচের পর ম্যাচ খারাপ খেলার পরও তাকে নিয়মিত একাদশে সুযোগ দিতেন অধিনায়করা। কারণটা তার প্রতিভা।
অবশেষে প্রতিভার বিকাশ ঘটাতে শুরু করেছেন লিটন দাস। টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে তার ব্যাটে ফুল ফুটছে। এই মুহূর্তে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক এবং সেরা ব্যাটার লিটন। বৃহস্পতিবার (৩ মার্চ) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তার ব্যাটিং নৈপুণ্যে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
তাইতো ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কন্ঠে ঝড়লো লিটন নিয়ে মুগ্ধতার কথা। রিয়াদ বলেন, ‘লিটন অসাধারণ ব্যাটিং করেছে। একবার সে ছন্দ পেয়ে গেলে তার ব্যাটিং দেখা চোখের শান্তি। আফগানিস্তানের মতো ভালো টি-টোয়েন্টি দলের বিপক্ষে জিততে পেরে ভালো লাগছে। তবে একটি জয়ের পর ফুরফুরে থাকার সুযোগ নেই। পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’
