লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার ১৩ বছর পূর্ণ হয়েছে গতকাল। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এক প্রকার নির্বাসিতই হয়ে যায় পাকিস্তান। টানা ছয় বছর সেখানে একটি আন্তর্জাতিক ম্যাচও গড়ায়নি। নিরলস প্রচেষ্টায় হারানো সেই রূপ ফিরিয়ে আনার খুবই কাছে দেশটি। তারই পরিপ্রেক্ষিত ২৪ বছর পর আজ পাকিস্তানে খেলতে নামছে অস্ট্রেলিয়া।
বিদেশের মাটিতে সবশেষ অজিরা খেলেছিল ২০১৯ সালের অ্যাশেজে। আড়াই বছর পর রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের মধ্য দিয়ে নামের পেছনে সফরকারী ট্যাগ লাগাতে যাচ্ছে তারা। যদিও স্বাগতিক হয়ে খুব একটা স্বস্তির মধ্যে নেই পাকিস্তান। ইনজুরির কারণে মূল দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য হাসান আলী ও ফাহিম আশরাফকে এই টেস্টে পাচ্ছে না তারা।
এখনো পুরোপুরি ফিট হয়ে উঠেননি অভিজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহ। করোনা পজিটিভ হয়ে আগেই ছিটকে গেছেন হারিস রউফ। তারপরও অস্ট্রেলিয়াকে কঠিন পরিক্ষায় ফেলতে আত্মবিশ্বাসী অধিনায়ক বাবর আজম। অভিষেক হতে পারে পেসার ওয়াসিম জুনিয়রের।
সফরকারী হলেও শক্তিমত্তার বিচারে এগিয়েই থাকবে অজিরা। তার ওপর ঘরের মাটিতে অ্যাশেজ জিতে ভরপুর আত্মবিশ্বাস নিয়ে গিয়েছে তারা। তবে চিন্তার কারণ হলো ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা ও স্টিভেন স্মিথ ছাড়া বাকি ব্যাটসম্যানদের উপমহাদেশের উইকেটে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই।
স্পিন স্বর্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন কিনা সেটা সময়ই বলে দিবে। সেই স্পিনে পাকিস্তানকে নাকানি-চুবানি খাওয়াতে প্রস্তুত ন্যাথান লায়ন। তার জুটি কে হবেন সেটা অবশ্য খোলাসা করেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স।
অতীত বলছে, রাওয়ালপিন্ডিতে খুবই সফল পেসাররা। তবে উইকেটে ঘাস নেই এবার। বৃষ্টির কারণে গতকাল অনুশীলন করতে পারেনি দুই দল। ম্যাচের প্রথম দুই দিন অবশ্য বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে বাকি তিন দিন বৃষ্টির বাধা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
