১০০ টেস্ট খেলবেন ভাবেননি কোহলি

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২:০৫

শেষ মুহূর্তে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় তার খেলা হয়নি। মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ নিজের শততম টেস্ট খেলতে নেমেছেন বিরাট কোহলি। ভারতের ইতিহাসে ১২তম ও বিশ্বের ৭১তম ক্রিকেটার হিসেবে অনন্য এই ‘সেঞ্চুরি’ স্পর্শ করলেন তিনি।

কোহলির নামের সঙ্গে সেঞ্চুরি শব্দটাই বেশি উঠছে এখন। প্রায় আড়াই বছর হতে চলল ব্যাটে কোনো সেঞ্চুরি নেই তার। ফর্মও পড়তির দিকে। ক্যারিয়ারের এমন বিশেষ মুহূর্তে তার থেকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার সাক্ষী হতে চাইবেন মোহালির দর্শকেরা। তেমনটা হলে ইতিহাসই গড়ে ফেলবেন কোহলি। কেননা, কোনো ভারতীয় ক্রিকেটারই নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকাতে পারেননি।

অথচ কোহলি কল্পনাও করেননি যে টেস্ট খেলার সংখ্যাটা সেঞ্চুরিতে নিয়ে যাবেন, ‘সত্যি বলতে কখনো ভাবিনি যে, আমি ১০০ টেস্ট খেলব, এটি লম্বা এক সফর। কৃতজ্ঞ যে আমি ১০০ টেস্ট খেলতে পেরেছি। ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি। এটি আমার, আমার পরিবার ও আমার কোচের জন্য খুবই বিশেষ এক মুহূর্ত।’

২০১১ সালে সাদা পোশাকে অভিষেক হয় কোহলির। ১১ বছরের ক্যারিয়ারে ৫০.৩৯ গড়ে ৭৯৬২ রান করেছেন তিনি। অভিষেকের তিন বছরের মাথাতেই পেয়ে যান নেতৃত্বের ব্যাটন। ৯৯ টেস্টের ৬৮টিতেই ভারতের হয়ে টস করেছেন তিনি। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের পর ছাড়েন নেতৃত্ব। কোহলির শততম টেস্টেই আজ টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে রোহিত শর্মার।

ইত্তেফাক/ ইআ