এবার ব্রাদার্সের তাঁবুতে আশরাফুল

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১১:১৯

এবার প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুল। গতকাল বৃহস্পতিবার (০৩ মার্চ) গোপীবাগের দলটিতে নাম লিখিয়েছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। ব্রাদার্সকে সুপার লিগে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন আশরাফুল। 

এদিকে এবার প্রিমিয়ার লিগে দল গড়ছে না প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আর্থিক সংকটের কারণে দলবদলে অংশ নেয়নি ক্লাবটি। গতকাল সিসিডিএমের কর্মকর্তা ও প্রিমিয়ার লিগের সমন্বয়ক আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের নির্দিষ্ট সময়ে তারা যদি অংশগ্রহণ না করে দলবদলে, তাহলে আমরা এটা বোর্ডকে জানাব। বোর্ডই সিদ্ধান্ত দেবে। কারণ আমাদের দ্রুত লিগের সূচি চূড়ান্ত করতে হবে। 

বিসিবি সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত দোলেশ্বর না আসলে লিগ হতে পারে ১১ ক্লাবকে নিয়ে। এদিকে গত আসরের কোচ মিজানুর রহমান বাবুল, অধিনায়ক ফরহাদ রেজাসহ অনেকের পারিশ্রমিকই বকেয়া রয়ে গেছে দোলেশ্বরের কাছে। 

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হবে আগামী ১৫ মার্চ। গতকাল শেষ হয়েছে দুই দিনব্যাপী ক্রিকেটারদের দলবদল। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে জানা গেছে, মোট ১৩০ ক্রিকেটার দলবদল করেছেন। গতকাল দলবদল করেছেন ৯১ ক্রিকেটার।

ইত্তেফাক/ ইআ